‘লাল কার্ড দেখার ঘটনা থেকে নেইমারকে শিক্ষা নিতে হবে’

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৮:১৪
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ উনাই এমেরি বলেছেন, লাল কার্ড দেখার ঘটনা থেকে নেইমারকে শিক্ষা নিতে হবে, তিনি যেন কারো প্ররোচনায় প্রতিক্রিয়া না দেখান।’ গত সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে লীগ ওয়ানের ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছে বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবল তারকাকে।
 
রোববার ভেলোড্রামে অনুষ্ঠিত ২-২ গোলে ড্র করা লীগ ম্যাচে দুই দফা হলুদ কার্ড গ্রহণের মাধ্যমে লাল কার্ড দেখতে হয় ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেয়া ব্রাজিলীয় সুপার স্টারকে। 
 
আগামীকাল শুক্রবার নিসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পিএসজি কোচ বলেন, ‘একটি প্রক্রিয়ার মাধ্যমে লীগ, ক্লাব এবং রেফারিদের কাছে তিনি গ্রহণযোগ্য হয়ে উঠছিলেন। তবে রোববার যা ঘটেছে সেটি থেকে শিক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে নেইমারকে।’
 
লাল কার্ড দেখার কারণে নেইমার স্বাভাবিকভাবেই প্রাক ডেস প্রিন্সেসে অনুষ্ঠিতব্য পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন। এমেরি বলেন, ‘প্রতিপক্ষের খেলোয়াড়রা একের পর এক তাকে আক্রান্ত করেছে। এমন পরিস্থিতিতে বিষয়টি রেফারি কিভাবে নিয়ন্ত্রণ করছেন সেটিও গুরুত্বপূর্ণ। ম্যাচ শুরুর আগে আমি তাকে বলেছিলাম কোন ধরনের প্ররোচনায় প্রতিক্রিয়া না করতে। কিন্তু মাঠের লড়াইয়ে প্রতিপক্ষের অতিমাত্রার আগ্রাসী কার্যকলাপে তিনি ভারসাম্য হারিয়েছেন। কারণ তিনিও একজন মানুষ। তাই আমাদের সবার উচিৎ ভারসাম্য বজায় রেখে চলা।’
 
ইত্তেফাক/রেজা