ঢাকার দর্শকদের মুগ্ধ করলেন শাবানা-জাভেদ

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৮:২৫
ঢাকার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের বাংলাদেশ কমপ্লেক্স মিলনায়তনে বুধবার সন্ধ্যায় মঞ্চস্থ হয় বিশেষ নাটক ‘কাইফি অউর ম্যায়’। এতে অসাধারণ অভিনয় করে ঢাকার দর্শক মাতিয়েছেন বলিউড অভিনেত্রী শাবানা আজমী ও তার স্বামী গীতিকবি জাভেদ আখতার।
 
শাবানার বাবা কবি কাইফি আজমির জীবনীনির্ভর মঞ্চনাটক ‘কাইফি অউর ম্যায়’। নাটকটি রচনা করেছেন জাভেদ আখতার। উর্দু ভাষার কবি কাইফি আজমীর জীবনের নানা দিকের কথা তুলে আনেন মেয়ে শাবানা আজমি ও জামাতা জাভেদ আখতার। 
 
নাটকটি কাইফি আজমী ও তার স্ত্রী শওকত কাইফির ৫৫ বছরের প্রেমের কাহিনী। এতে কাইফি আজমীর স্মৃতিময় কিছু চিঠি ও লেখা পড়ে শোনান শাবানা ও জাভেদ।
 
নাটকে কাইফির ভূমিকায় অভিনয় করেন জাভেদ আখতার ও শওকতের ভূমিকায় শাবানা আজমী। এই দম্পতির অভিনয়ের রসায়নে মুগ্ধ হন আগত দর্শক। 
 
দুই ঘণ্টার পরিবেশনায় কাইফি ও শওকতের শুধু ভালোবাসা গল্প নয়, জীবনের নানা অলিগলির বহু মাত্রিক চিত্র উঠে আসে। নাটকের পাশাপাশি মঞ্চে গজলও পরিবেশিত হয়। গজলশিল্পী জসবিন্দর সিং মাঝেমধ্যে গাইলেন কাইফি আজমির লেখা গজল ও গান, ‘ইতনা তো জিন্দেগি’, ‘ঝুকে ঝুকে সি নজর’, ‘ইতনে বাজু ইতনে সার’, ‘তেরে শহর মে’। কাইফির লেখা বলিউড ছবির গানও গাইলেন জসবিন্দর, ‘তুম জো মিল গ্যায়ে হো’ (‘হাসতে জখম’), ‘আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়ো’ (‘হাকিকত’), ‘ওয়াক্ত নে কিয়া ক্যায়া হাসি সিতম’ (‘কাগজ কে ফুল’), ‘তুম ইতনা জো মুসকুরা রেহে হো’ (‘আর্থ’)।
 
ইত্তেফাক/রেজা