মুলাদীতে চুরির অভিযোগে শিশু নির্যাতন, আটক ২

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:২৮
 
মুলাদী উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে শাওন নামে ১৩ বছরের এক দরিদ্র শিশুকে অমানুষিক নির্যাতনের ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার চর শফিপুর গ্রামের সমিতির হাট এলাকায় শিশুটির হাত বেঁধে নির্যাতনের সময় দৃশ্যটি সেখানে উপস্থিত কেউ একজন মোবাইল ফোনের ক্যামেরায় ধারন করে। ওই ভিডিওতে দেখা যায় বিভিন্ন বয়সের ২৫/৩০জন মানুষের উপস্থিতিতে জনৈক ব্যক্তি তাকে কাঠ দিয়ে পেটাচ্ছে এবং শিশুটি চিৎকার করছে। 
ভিডিওটি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বরিশালের উপ-পরিচালকের (বাসক) হাতে পৌছুলে তিনি বরিশাল পুলিশ সুপার বরাবরে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
 
অভিযোগে বলা হয়, শাওন চর শফিপুরের নানাবাড়িতে এসেছিল। মোবাইল চুরির অভিযোগে তাকে স্থানীয় কিছু লোক নির্মম নির্যাতন করে। তার বাবা নেই। মা ঢাকায় গৃহ পরিচারিকার কাজ করেন। এঅবস্থায় বিষয়টি আমলে নিয়ে শাওনকে খুঁজে বের করা এবং নির্যাতনকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন বাসকের উপ-পরিচালক।
 
পুলিশ সুপার অভিযোগ পেয়ে মুলাদী থানার ওসিকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে বুধবার রাতে সবুজ ও মহসিন নামে দুজনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার মুলাদী থানায় এব্যাপারে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বরিশালের উপ-পরিচালক সোহেল সরদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
 
পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে দুইজনকে। এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 
 
ইত্তেফাক/আরকেজি