কন্যার মা হলেন অসিন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:৩২
বলিউড অভিনেত্রীদের মধ্যে মা হওয়ার ধুম পড়েছে যেন। সোহা আলি খান, এষা দেওলের পর এবার কন্যা সন্তানের মা হলেন বলিউড অসিন। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে খবরটি জানিয়েছেন নায়িকা।
 
অসিন লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ দিনের শুরুতেই আমাদের কোলে এসেছে আমাদের মেয়ে। বিগত ন’মাস ছিল আমাদের কাছে অত্যন্ত স্পেশাল এবং রোমাঞ্চকর। এই সময় আমাদের পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্খীকে ধন্যবাদ জানাই।' 
 
এদিকে কন্যার প্রথম ছবি কে শেয়ার করেছেন, জানেন? অসিনের সদ্যজাত কন্যাকে কোলে নিয়ে টুইটারে ছবি শেয়ার করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনিই ছিলেন অসিনের বিয়ের ঘটক।
 
মাইক্রোম্যাক্সের কো ফাউন্ডার রাহুল শর্মার সঙ্গে গতবছর বিয়ে হয় অসিনের। শর্মা পরিবারের সঙ্গে খুব ভালো সম্পর্ক অক্ষয়ের। রাহুল-অসিনের বিয়ের ঘটকালি করেছিলেন অক্ষয়। একসঙ্গে ‘খিলাড়ি ৭৮৬’ ছবিতে করেছিলেন অক্ষয়-অসিন। 
 
তামিল সিনেমা দিয়ে যাত্রা শুরু করলেও বলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন অসিন। ‘গজনি’, ‘লন্ডন ড্রিমস’, ‘রেডি’ ও ‘বোল বচ্চন’ ছবিতে অভিনয় করার পর বিয়ের পিঁড়িতে বসেন তিনি। এরপর চলচ্চিত্র জগতকে বিদায় জানিয়ে সংসারে মন দিয়েছেন জনপ্রিয় এই নায়িকা।
 
ইত্তেফাক/ রেজা