নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্দেরা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের বিল্লাল হোসেনের সঙ্গে একই এলাকার মফিজউদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকৃত সম্পত্তি আদালতের মাধ্যমে বিল্লাল হোসেন রায় পান। তবে এ বিরোধকৃত সম্পত্তি দীর্ঘদিন ধরে মফিজউদ্দিন ভোগ দখল করে আসছিল।
আদালতের রায় পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বিল্লাল হোসেন সম্পত্তি দখল করতে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় তর্কবিতর্ক। তর্ক বিতর্কের এক পর্যায়ে বিল্লাল হোসেনকে মফিউদ্দিনের লোকজন পিটিয়ে আহত করে। পরে বিল্লাল হোসেনের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মফিজউদ্দিনের স্ত্রী হালিমা বেগম ও মেয়ে মনিকাকে মারধর করে।
পরে উভয় পক্ষের আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় বিল্লাল হোসেনের পক্ষে বাবুল হোসেন ও মফিজউদ্দিন বাদী হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাবুল হোসেন অভিযোগ করেন, মফিজউদ্দিন, আলাউদ্দিন, হালিমা, মনি আক্তার আমাদের জমি দখল করে রেখেছে। বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় দিয়েছেন। আদালতের রায় অমান্য করে সম্পত্তি জোরপূর্বক দখল করে আছে।
মফিজউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জমি জোরপূর্বক দখল করে আছে বিল্লাল হোসেন গং। জমি দখলে বাঁধা দেওয়ার আমার স্ত্রী ও মেয়েকে পিটিয়ে আহত করে।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম বলেন, এ ঘটনায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু
