রাজধানীতে হারুন আই হসপিটালকে ২ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১০:০৭
বাণিজ্যিক ভবনে হাসপাতাল পরিচালনা এবং রাজউকের অনুমোদনের অতিরিক্ত ছয় তলার পরিবর্তে সাত তলা ভবন নির্মাণ করায় ‘হারুন আই হসপিটাল’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে। নকশা বহির্ভূত ছয় তলার উপরের স্থাপনার আংশিক অপসারণ করা হয় এবং নির্ধারিত ফি জমা দিয়ে ভবনটিকে হাসপাতাল হিসেবে ব্যবহারে অনুমোদনের জন্য এক মাসের সময় দেয়া হয়।
 
একই এলাকায় অপর একটি ভবনের বেজমেন্টের (ভূ-তল) অবৈধ স্থাপনা অপসারণ করে পার্কিংয়ের জায়গা উন্মুক্ত করা হয়। ভবনটির বেজমেন্ট গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ৭ নম্বর সড়কে ‘অর্চাড পয়েন্ট’ ভবনটি শুধু শো-রুমের ব্যবহারের জন্য অনুমোদন নিয়ে রেস্টুরেন্ট, অফিস ও বিভিন্ন বাণিজ্যিক দোকান পরিচালনা করার অভিযোগে ভবনের মালিককে আগামী তিন দিনের মধ্যে ভবনের নকশা দেখতে নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেন, জোন-৫ (ধানমন্ডি , লালবাগ) এর পরিচালক শাহ আলম চৌধুরী, অথরাইজড অফিসার আশীষ কুমার সাহা, সহকারী অথরাইজড অফিসার জোটন দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএম।