চবিতে 'গণ-উপদ্রব' সৃষ্টির দায়ে ২ব্যক্তির কারাদণ্ড

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৪:২৯
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে 'গণ-উপদ্রব সৃষ্টির' দায়ে দুই ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার বেলা সাড়ে বারোটায় এই আদালত পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী।
 
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার লালিয়ারহাট এলাকার মো. বাপ্পী (২০) ও ১ নম্বর দক্ষিণ পাহাড়তলি হঠাৎ কলোনি এলাকার মো. শফি (২৫)।
 
জানা গেছে, শুক্রবার চবিতে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টের বাইরে বাপ্পী ও শফি গণ-উপদ্রব সৃষ্টি করে। হাটহাজারী ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী পুলিশের সহায়তায় তাদের ঘটনাস্থলে আটক করেন। এসময় সাক্ষ্য প্রমাণ ও আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আক্তার উননেছা শিউলী ইত্তেফাককে বলেন , অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। হাটহাজারী মডেল থানার কর্তব্যরত অফিসার মো. মিজানুর রহমান বলেন, দণ্ডিতদের শুক্রবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান