শ্রীবরদী সীমান্তে বন্য হাতি 'আতঙ্কে' কৃষকের মৃত্যু

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৪:৫৫
 
শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতি আতঙ্কে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে উপজেলার সীমান্তবর্তী রাণীশিমূল ইউনিয়নের বালিজুলী এলাকায়।
 
নিহত কৃষক আমিনুল ইসলাম (৩৫) বালিজুরী এলাকার আ. খালেকের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল বন্য হাতি পাকা ধান খাওয়ার জন্য খাড়ামুড়া এলাকা থেকে রাঙ্গাজান হয়ে বালিজুরী আসতে থাকে। এ খবর এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসী আতঙ্কিত হয়ে হাতি তাড়ানোর জন্য একত্রিত হতে থাকে।
 
নিহতের চাচাতো ভাই মো. ইসলাম বলেন, রাত ১২ টার দিকে আমিনুল বালিজুরী বাজার থেকে এসে আমাদেরকে হাতি তাড়ানোর জন্য হাঁকডাক শুরু করে আমরা সবাই ঘর থেকে বাহির হয়ে দেখতে পাই আমিনুল তার বাড়ির পাশের ধানক্ষেতে অচেতন অবস্থায় পড়ে আছে। আমরা দ্রুত তাকে শেরপুর সদর হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
 
বালিজুরী এলাকার জয়নাল বলেন, হাতি তাড়ানোর জন্য একটি জি.আই তারে জড়িয়েই আমিনুলের মৃত্যু হয়েছে। আমিনুলের পরিবারের লোকজনের দাবী, আমিনুল হাতি আতঙ্কে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে।
 
ইত্তেফাক/জামান