২০৪১ সালে সত্যিই সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ : অর্থমন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৯:০০
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও উৎসাহে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ২০৪১ সালে বাংলাদেশ সত্যিই সমৃদ্ধ দেশে পরিণত হবে। শেখ হাসিনার সরকারের মতো জনসেবক সরকার আগে ছিল বলে তার জানা নেই উল্লেখ করে মন্ত্রী বলেন তিনি এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা। তাঁর কারণেই সবাই কাজে উৎসাহ পান। 
 
তিনি বলেন, ‘শেখ হাসিনার এখন কিছু পাওয়ার দরকার নেই। তিনি এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেত্রী। তার আন্তরিকতা ও উৎসাহে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ২০৪১ সালে সত্যিই আমরা সমৃদ্ধ দেশে পরিণত হতে পারবো।
 
আজ শুক্রবার সিলেটের তামাবিল স্থলবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। প্রায় ২৩ দশমিক ৭২ একর ভূমির ওপর ৬৯ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত তামাবিল জিরো পয়েন্টে (যেখানে আগে তামাবিল শুল্ক স্টেশন ছিল) এ স্থলবন্দর নির্মাণ করা হয়েছে। ২০১৫ সালের ৮ মে তামাবিল স্থলবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। উদ্বোধন অনুষ্ঠানে তিনিও বক্তব্য রাখেন।
 
স্থলবন্দর প্রতিষ্ঠা করলে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায় উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, তামাবিল স্থলবন্দর চালু হওয়ায় বাংলাদেশ-ভারত উভয় দেশ উপকৃত হবে। দু’দেশের বাণিজ্য সম্প্রসারণ ও স্থল যোগাযোগ বাড়বে। তামাবিলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি দারিদ্রতা কমবে।
 
মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় এদেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে ছিল, তা এখন সাড়ে ২২ শতাংশে নেমেছে। আগে এক কোটি ১০ লাখ টন খাদ্য উৎপাদন হতো, এখন তিন কোটি ৮০ লাখ টন খাদ্য উৎপাদন হয়। বাসস।
 
ইত্তেফাক/এমআই