বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি’র ঘাড়ে চড়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আবারও জামায়াত মাঠে নামতে চায়। এজন্য এখন তারা সংগঠন গোছাচ্ছে। সময় এলে ছোবল মারবে। বিএনপি-জামাতের এই অশুভ আঁতাতের বিরুদ্ধে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে অতীতের চাইতেও বেশি সতর্ক থাকতে হবে।
আজ শুক্রবার নগরীর তোপখানা রোডে ফেনী সমিতি মিলনায়তনে পার্টির এগারটি জেলা কমিটির দিনভর প্রশিক্ষণ কর্মসূচিতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির ওপর বক্তব্য রাখতে গিয়ে এসব একথা বলেন তিনি। পার্টির মতাদর্শ ও প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড ড. সুশান্ত দাস।
রাশেদ খান মেনন বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ঐক্যের ধারাবাহিকতা রক্ষা করে আন্দোলন ও নির্বাচন করতে হবে। ওয়ার্কার্স পার্টি সেই ধারাবাহিকতায় আশু একুশ দফা কর্মসূচি হাতে নিয়েছে। পার্টি কর্মীদের এব্যাপারে আরও গভীরভাবে প্রশিক্ষণ নিতে হবে। জনগণের মধ্যে সর্বপ্রকার উপায়ে ঐ কর্মসূচিকে ছড়িয়ে দিতে হবে।
ইত্তেফাক/এমআই
