‘সরকার যেভাবে আইন করে দেয় সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন করবে। সেই আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই’ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এমন বক্তব্যে জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সিইসি সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার উদ্যোগ নেবে না ইসি। তার এমন বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে।
শুক্রবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, গত ৩১ জুলাই থেকে সংলাপ শুরু হয়ে ৪৫টি রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। সংলাপে আওয়ামী লীগসহ দু’ তিনটি রাজনৈতিক দল ছাড়া সব দলই নিরপেক্ষ অথবা সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দাবি করেছে। প্রায় সব দলই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। দীর্ঘ এই সংলাপের পর আগামী নির্বাচন নিয়ে সিইসি যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণিত হয়, সরকারের দেখানো পথ ছাড়া তিনি হাঁটবেন না।
রিজভী বলেন, সংলাপের প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন করতে হলে নিরপেক্ষ বা সহায়ক সরকার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ অবশ্যই প্রয়োজন। নির্বাচন কমিশন সেটি নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে।
ইত্তেফাক/ইউবি
