আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে পঞ্চম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ৩১ অক্টোবর থেকে ভিন্ন ভিন্ন তিন প্লাটফর্মে পাওয়া যাবে এই টুর্নামেন্টের টিকিট। গতকাল টিকিট প্রাপ্তি সক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট পাওয়ার উপায় ও দাম জানিয়েছে বিসিবি।
প্রথমত টিকিট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে। এ ছাড়া অনলাইনে তিনটি ওয়েবসাইটে কেনা যাবে বিপিএলের টিকিট—সহজ ডট কম, সূর্যমুখী ডট কম ও গ্যাডগেটবাংলা ডট কম। আর তৃতীয় পদ্ধতি হিসেবে টিকিট কেনা যাবে স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে।
সিলেটে ৩১ অক্টোবর থেকে টিকিট বিক্রি হবে বুথে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রবেশ পথের বুথ ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামের বুথে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নন-ম্যাচ ডে টিকিট বিক্রি হবে। ম্যাচের দিনের টিকিট প্রাপ্তি সাপেক্ষে পাওয়া যেতে পারে।
ঢাকায় বুথে টিকিট বিক্রির তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট ও সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি হবে। বিক্রির নিয়ম সিলেটের মতোই।
চট্টগ্রামের বুথে টিকিট বিক্রির তারিখ জানানো হয়নি। নিশ্চিত করা হয়েছে যে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রবেশ পথের বুথ ও এমএ আজিজ স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে। পাওয়ার সময় ও উপায় ঢাকা-সিলেটের মতোই।
ঢাকায় টিকিটির সর্বোচ্চ মূল্য ২ হাজার টাকা। এই টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা করে পাওয়া যাবে। নর্দান স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ডের টিকিট ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকায় মিলবে।
সিলেটেও ২ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজ ৫০০ টাকা, গ্রিন হিল এরিয়া ৪০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকায় পাওয়া যাবে। চট্টগ্রামে গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিট ২ হাজার টাকা করে। এ ছাড়া ক্লাব হাউজ ৫০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ড ২০০ টাকায় টিকিট বিক্রি হবে।
ইত্তেফাক/কেআই
