সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষাই মূল চালিকাশক্তি: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৭:৪৩
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরাই উন্নয়নের মুখপাত্র। একটি সুখি সমৃদ্ধশালী জাতি গঠনে শিক্ষাই হচ্ছে মূল চালিকাশক্তি। শিক্ষা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এক মৌল উপাদান। আর এই উপাদান যে সমাজে যত বেশি প্রবেশ করেছে সেই সমাজ ততবেশি উন্নয়ন, উৎপাদন ও কল্যাণের কাছাকাছি পৌঁছে গেছে। একটি জাতির, সভ্যতার প্রধাণ মাপকাঠি শিক্ষা। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের অবদানের কোন বিকল্প নেই। তারা রাজনীতি, অর্থনীতি, আইনসহ প্রতিটি বিষয়ে সরকারের জন্য পরামর্শক হিসেবে কাজ করেন। শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কমপ্লেক্সে কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
 
মন্ত্রী আরও বলেন, বর্তমান উন্নয়ন ও জনগণ বান্ধব সরকার, শিক্ষাও এর ব্যতিক্রম নয়। প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা শিক্ষকদের মর্যাদা সবার উপরে রেখে শিক্ষা খাতকে সমৃদ্ধ করার জন্য অসংখ্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর নিজস্ব তত্ত্বাবধানে প্রতি বছর ১ জানুযারি বই উৎসব হয়ে থাকে। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আজ শেখ হাসিনার বিকল্প নেই। 
 
তিনি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে কুমিল্লা ইপিজেড স্থাপিত হয়েছে, যেখানে ৫০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এই এলাকার শিক্ষিত ছেলে মেয়েদেরকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি আইটি পার্ক স্থাপন হচ্ছে এবং জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। গত ২৪ অক্টোবর একনেকেও আমাদের কুমিল্লা অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প কুমিল্লা-নোয়াখালী ফোর লেনের সড়ক প্রকল্পটি পাশ হয়েছে এবং শিগিগরই এর কাজ শুরু হবে। তিনি বলেন, ব্যানার-ফ্যাস্টুনে আমার নাম দেখতে চাই না, আমি আপনাদের হৃদয়ের মাঝে নাম লেখাতে চাই।
 
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপালী মন্ডলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি নাছিমুল আলম চৌধুরী নজরুল, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর, ভাষা সৈনিক আলী তাহের মজুমদার, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন তসলীম প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই