বাংলাদেশের পাশে থাকায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ নাসিম

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৯:৪৭
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করা ও বাংলাদেশ সরকারের পাশে থাকায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
 
শনিবার রাজধানীর হোটেল রেডিসনে যক্ষ্মামুক্ত নগর গড়ার কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি এই কৃতজ্ঞতা জানান তিনি। বাংলাদেশ সরকার ও ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট-ইউএসএইড যৌথভাবে এ কর্মসূচি পালন করবে।
 
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক পদক্ষেপের কারণে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ দিন দিন বাড়ছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ প্রভাবশালী দেশগুলোর পাশাপাশি ভারতও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। এসব রাষ্ট্র রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারকে চাপ দিচ্ছে। এ কারণে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে তারা নমনীয় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় রোহিঙ্গা ইস্যুতে এ ধরনের সফলতার জন্য খালেদা জিয়া একবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ পর্যন্ত জানালেন না। 
 
বিএনপির উদ্দেশ্যে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন হবে বর্তমান সংবিধান অনুযায়ী। শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত করতে পারবেন। কিন্তু নির্বাচন বন্ধ করতে পারবেন না।
 
তিনি বলেন, আমাদের সংলাপ জনগণের সঙ্গে, ভোটারের সঙ্গে। কিন্তু ‘৭১ এর খুনির সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। বাসস
 
ইত্তেফাক/কেকে