রাজধানীর বনানী স্টাফ রোডের দক্ষিণ পাশে রেললাইনে চলন্ত টেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে। তার পরনে ছিল সাদা লুঙ্গি ও নীল রঙের গেঞ্জি। বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এদিকে শনিবার সকালে ভাষানটেকের দামালকোর্ট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তানজিল (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার এএসআই মো. রবিউল্লাহ জানান, বেলা সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ট্রেনটি বনানী স্টাফ রোডের দক্ষিণ পাশের রেললাইন অতিক্রম করছিল। সে সময় অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি দৌড়ে রেললাইন পার হবার চেষ্টা করে। তখন চলন্ত ট্রেনের ধাক্তায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
এদিকে, শনিবার ভাষানটেকের দামালকোর্ট এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক তানজিলের মৃত্যু হয়। তার সহকর্মী ইসারুল হক জানান, নির্মাণাধীন ১৪ তলা ভবনের ১১ তলায় তানজিলসহ কয়েকজন শ্রমিক গ্রিল লাগাচ্ছিলেন। সকাল ১০টার দিকে হঠাৎ তানজিল মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি চাপাইনবাবগঞ্জে।
ইত্তেফাক/এমআই
