ভারত-বাংলা মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী কাল

আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ২২:৪৫
 
ভারতের কলকাতায় রবিবার শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভারত-বাংলাদেশ মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী। ভারত-বাংলা মৈত্রী কালীকচ্ছ ষষ্ঠী সম্মিলনী ২০১৭ এর আয়োজনে যোগ দিতে বাংলাদেশ থেকে শুক্রবার সন্ধ্যায় ভারত-বাংলা মৈত্রী কালীকচ্ছ সম্মিলনী বাংলাদেশ অধ্যায়ের আহ্বায়ক, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. জিয়াউল হক মৃধার নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের ৪২ সদস্যের একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেছেন। শনিবার দুপুরে আগরতলা থেকে কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে।
ভারতীয় প্রজাতন্ত্র ত্রিপুরা বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার, বাংলাদেশের সরাইল উপজেলার কালীকচ্ছের কৃতি সন্তান পবিত্র করের নেতৃত্বে ত্রিপুরা থেকে বিভিন্ন পর্যায়ের আরও অর্ধশত লোক কলকাতায় পৌঁছান। 
 
জানা গেছে, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের বাসিন্দাদের নিয়ে দুই বাংলায় গত পাঁচ বছর ধরে এই মৈত্রী সম্মিলনী অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের সম্মিলনটি রবিবার দিনব্যাপী কলকাতার মধ্যমগ্রামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ভারতের লোকসভা সদস্য শ্রী সৌগত রায়। সভাপতিত্ব করবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় অধ্যাপক ডা. সুনিল কুমার তলাপাত্র।
 
ইত্তেফাক/আরকেজি