সংকটের মধ্যেও জয়ের ধারায় মেসিরা

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১০:২৪
কাতালোনিয়ার রাজনৈতিক সংকট চূড়ান্ত মাত্রায় রয়েছে। একদিকে আঞ্চলিক পার্লামেন্টে স্বাধীনতার প্রস্তাব পাশ হয়েছে। অপরদিকে পার্লামেন্ট ভেঙে দিয়ে কেন্দ্রের শাসন জারি করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। তাই কাতালোনিয়া যখন উত্তাল তখন এই অঞ্চলের রাজধানীভিত্তিক ক্লাব বার্সেলোনা জয়ের ধারা অব্যাহত রেখেছে। শনিবার রাতে লা লিগায় নিজেদের দশম ম্যাচে লিওনেল মেসি ও পাওলিনহোর গোলে অ্যাথলেটিক বিলবাওকে তাদের ঘরের মাটিতেই ২-০ গোলে হারিয়েছে দলটি। চলতি মৌসুমে অপরাজিত থাকা বার্সেলোনার এটি লিগে নবম জয়।
 
প্রথম গোলের জন্য বার্সাকে অপেক্ষা করতে হয় ৩৬ মিনিট পর্যন্ত। বাঁ-দিক থেকে জর্ডি আলবার পাস থেকে পাওয়া বলে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন মেসি। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মেসির এটি ১৫তম গোল। আর লা লিগায় ১২ গোল করে এখনো সর্বোচ্চ গোলদাতা তিনি।
IMG0
গোল পরিশোধের প্রাণপণ চেষ্টা করেছে বিলবাও। কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট ও বার্সার গোলরক্ষক টের-স্টেগেনের নৈপুণ্যে সমতায় ফিরতে পারেনি দলটি। স্বাগিতিকরা গোল না পেলেও অতিথি বার্সার হয়ে যোগ করা সময়ে ব্যবধান বাড়াতে সক্ষম হন পাওলিনহো। সুয়ারেজের শট প্রথম দফায় বিলবাওয়ের গোলরক্ষক ঠেকিয়ে দিলে দ্বিতীয় প্রচেষ্টায় গোল করেন পাওলিনহো।
 
এই জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। অপরদিকে দেপোর্তিভো আলাভেসকে ২-১ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া। ঘরের মাঠে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করা আটলেতিকো মাদ্রিদের অর্জন ২০ পয়েন্ট। তাদের অবস্থান চার নম্বরে। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।
 
ইত্তেফাক/কেআই