হিগুয়েইনের শততম গোলে মিলানকে হারাল জুভেন্টাস

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৪:২৫
আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইনের জোড়া গোলে এসি মিলানকে ২-০ গোলে পরাজিত করেছে জুভেন্টাস। একইসাথে ইতালিয়ান সিরি-এ লিগে হিগুয়েইন শততম গোল পূরণ করেছেন। এই পরাজয়ে দলবদলের বাজারে বিপুল অর্থ ব্যয় করা মিলান কঠিন সমস্যায় পড়লো। ১১ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট এখন শীর্ষে থাকা নাপোলির সাথে সমান ২৮। অন্যদিকে গ্রীষ্মকালীন দলবদলে ২০০ মিলিয়ন ইউরো ব্যয় করা মিলান ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের অষ্টম স্থানে রয়েছে।
 
ম্যাচের শুরুটা অবশ্য ভালই করেছিল মিলান। কিন্তু বেশিক্ষণ এই চাপ বজায় রাখতে পারেনি। ২৩ মিনিটে পাওলো ডিবালার পাসে হিগুয়েইন গোল করে দলকে এগিয়ে দেন। এর মাধ্যমেই আর্জেন্টাইন ফরোয়ার্ড সিরি-এ লিগে নিজের শততম গোল পূরণ করেন। জুভেন্টাস ও নাপোলির হয়ে ইতালিয়ান লীগে এটা ছিল হিগুয়েইনের ১৫৩তম ম্যাচ। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় তিনি করেছিলেন ১০৭ গোল। হিগুয়েইন ছাড়া একমাত্র খেলোয়াড় হিসেবে জ্লাতান ইব্রাহিমোভিচ গত ২০ বছরে ইউরোপিয়ান দুটি শীর্ষ লিগে ১০০ বা তারও বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন।
IMG0
নিকোলা কালিনিচ মিলানের হয়ে সমতা ফেরানোর দুটি ভাল সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ফাবিও বোরিনির লো ক্রস থেকে প্রথম সুযোগটি নষ্ট করার পরে জিয়ানলুইজি বুফনকে খুব কাছে থেকে পরাস্ত করতে ব্যর্থ হন। এই সুযোগে ৬৩ মিনিটে আবারো গোল পায় জুভেন্টাস। মাঝমাঠ থেকে কাওয়াদো আসামোয়ার দারুণ দক্ষতায় বাড়ানো বলে হিগুয়েইন ২০ মিটার দুর থেকে লো শটে ব্যবধান দ্বিগুণ করেন।
 
ইত্তেফাক/কেআই