সেমিফাইনালে নিজ নিজ ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সুইস ইনডোর বাসেল ওপেন টেনিসের ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও হুয়ান মার্টিন দেল পোত্রো। শীর্ষ বাছাই ফেদেরার নিজ ঘরের এই টুর্নামেন্টে রেকর্ড আটবার শিরোপা জিতেছেন। তৃতীয় বাছাই বেলজিয়ামের ডেভিড গোফিনকে সেমিফাইনালে ৬-১, ৬-২ গেমে হারাতে ফেদেরারের একটুও কষ্ট করতে হয়নি। মাত্র ঘন্টাখানেকের মধ্যে তিনি ১৩বারের মত বাসেল ওপেনের ফাইনাল নিশ্চিত করেন। মৌসুমে এটা তার অষ্টম ফাইনাল। চলতি সপ্তাহে চার ম্যাচে এটা তার তৃতীয় সরাসরি সেটে জয়।
অন্যদিকে আরেক সেমিফাইনালে দেল পোত্রো সহজেই ৬-৪, ৬-৪ গেমে মারিন সিলিচকে পরাজিত করে ফাইনালে উঠেছেন। এর আগে ২০১২ ও ২০১৩ সালে টানা দুইবার বাসেলের শিরোপা জিতেছিলেন এই আর্জেন্টাইন তারকা।
ম্যাচ শেষে দেল পোত্রো বলেছেন, ‘ফাইনালে উঠতে পেরে আমি সত্যিই অবাক হয়েছিল। বেশ কয়েক বছর পরে টানা চতুর্থ সপ্তাহ পর্যন্ত টেনিস খেললাম। আমি এখনও সুস্থ অনুভব করছি। পুরো টুর্নামেন্টে ভালই খেলেছি। কিন্তু ফাইনালে সবকিছুই সম্ভব। আজ যা খেলেছি রজারের বিপক্ষে তার থেকেও ভাল খেলতে হবে। বছরের শেষটা ভালই কাটছে। আগামী বছর যা অনুপ্রেরণা যোগাবে। এই টুর্নামেন্টে রজারই ফেভারিট, কিন্তু আমি এখনও আছি, দেখা যাক কি হয়।’
ইত্তেফাক/কেআই
