বাংলাদেশের শিক্ষামন্ত্রী ও ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কোর ৩৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার রাতে ফ্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী সেখানে ৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শহিদুল ইসলাম, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মঞ্জুর হোসেন রয়েছেন।
সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো সদর দফতরে ৩৯তম সাধারণ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। শিক্ষামন্ত্রী ৩১ অক্টোবর লিডার্স ফোরামে জেনারেল পলিসি ডিবেটে অংশ নিবেন।
সাধারণ অধিবেশন অংশগ্রহণের পাশাপাশি ২০৩০ সালের মধ্যে এসডিজি-৪ বাস্তবায়নে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিবেন। এসডিজি সংক্রান্ত অন্যান্য সভায়ও তিনি অংশ নিবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
শিক্ষামন্ত্রী নাহিদ আগামী ১১ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। বাসস
ইত্তেফাক/কেকে
