মগবাজারে বিস্ফোরণ, ককটেল-চকলেট বোমা উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৮:১২
রাজধানীর মগবাজারের ডাক্তার গলির একটি পরিত্যক্ত স্থানে রবিবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কোন হত্যাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ ঘটনাস্থলে ককটেলসদৃশ একটি বস্তু দেখতে পায়। এরপর ঘটনাস্থলে বোমা নিষ্ক্রীয়কারী দল পৌঁছে। পুলিশ ঘটনাস্থলের পাশের বাড়ি থেকে বাড়িওয়ালাসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মইনুল ইসলাম।
 
এলাকাবাসী জানান, ২৬ পশ্চিম মালিবাগ ডাক্তার গলির আব্দুর রহিম টেলিকমের পাশে প্রতিদিন সকালে ময়লার ভ্যান গাড়ি এসে দাঁড়ায়। রবিবার সকালে ওই ভ্যানেই হঠাৎ বিস্ফোরণ হয়।
 
ওসি জানান, ঘটনাস্থল থেকে ১টি অবিস্ফোরিত চকলেট বোমা, একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। বোম ডিস্পোজাল টিম পানিতে চকলেট বোমাটি নিষ্ক্রীয় করেছে। ঘটনাস্থলের পাশের বাড়ি থেকে বাড়িওয়ালাসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে এর সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা রয়েছে কীনা তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, কোন ধরনের সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান। 
 
ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা রোজিনা বলেন, সকাল সাড়ে ৯টার সময় বিকট শব্দ পাই। সঙ্গে সঙ্গে বাইরে এসে দেখি ময়লার গাড়ির চালক ময়লার আগুনে পানি দিচ্ছেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস আসে। তিনি আরও বলেন, এরপর ময়লার এখানে কয়েকটি জর্দ্দার কৌটার মতো লাল কসটেপ মোড়ানো কয়েকটি বস্তু দেখা যায়। এরপর লোকজন থানায় খবর দেয়।এদিকে ঘটনাস্থলে পৌঁছে ভ্যানগাড়ির আগুন নিয়ন্ত্রণ করে একটি প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
 
প্রতিবেদনে বলা হয়েছে, জনৈক গাজী মিয়ার একটি ভ্যানগাড়িতে সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।
 
ইত্তেফাক/এমআই