জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান ক্ষমতাশীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক কর্মচারীর ব্যক্তিগত প্রফাইল থেকে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করায় উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রবিবার বিকালে ঐ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে ঐ কর্মচারীর শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। এদিকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদ জানিয়ে ঐ কর্মচারীর বিরুদ্ধে কঠোর শাস্তি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ। এছাড়াও বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ থেকে অভিযুক্ত এ কর্মচারীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মো. কামাল উদ্দিনের শ্যালক ও পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শায়খুল হোসাইন ভুঁইয়া গত ২৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে উত্তপ্ত হয়ে উঠে ক্যাম্পাস। এদিকে রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে শায়খুল হোসেনের বরখাস্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।
বিশ্ববিদ্যালয়ের রিজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, সরকারি কর্মচারী বিধিমালার ৩(খ) অনুযায়ী রাষ্ট্রের প্রতি অসাদাচারণের অভিয়োগে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজ্জু করা হয়েছে। দশ কার্যদিবসের মধ্যে তাকে এ বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ থেকে অভিযুক্ত শায়ইখুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মো. ইমাম হাসান এবং সাধারণ সম্পাদক মো. সামছু মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়। শায়খুল বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের কার্যনির্বাহী সদস্য ছিলেন। এ ঘটনার আরও নিন্দা জানিয়েছে কর্মকর্তা পরিষদ ও কর্মচারী সমিতি।
ইত্তেফাক/এমআই
