‘গ্রাম ও শহরের মধ্যে এখন কোনো পার্থক্য নেই’

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২০:১৬
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে গ্রাম ও শহরের মধ্যে এখন কোনো পার্থক্য নেই। দেশের ৬০ থেকে ৭০ ভাগ এলাকা এখন উন্নত। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সবক্ষেত্রে মানুষ সমান সুফল ভোগ করছে। এই সরকার সম্পূর্ণভাবে জনগণের সেবায় নিয়োজিত। সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ দেশের উন্নয়ন হবে। দেশের দারিদ্র্য দূর হবে। 
 
তিনি বলেন, আমাদের উন্নয়নের একমাত্র লক্ষ্যমাত্রা হলো দারিদ্র্য দূর করা। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। দারিদ্র্য দূরীকরণের জন্য আমরা সময় নির্ধারণ করে দিয়েছি। ২০২৪ সালের পর দেশে কোনও দারিদ্র্য থাকবে না।
 
রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এই কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সভাপতিত্ব করেন পিকেএসএফ এর সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ। বক্তব্য রাখেন পিকেএসএফ এর এমডি আব্দুল করিম।
 
প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার সময় বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৭০ শতাংশ। এখন সেটাকে আমরা নামিয়ে এনেছি সাড়ে ২২ শতাংশে। এটা আমাদের কৃতিত্বের বিষয়। তবে এটাতে আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। কারণ এখনও এই দেশে তিন কোটি দরিদ্র্য মানুষ রয়েছে। এই তিন কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার এবং মুক্তিযোদ্ধা আবুল হাসিব খানকে বিশেষ সম্মাননা দেয় পিকেএসএফ। 
 
ইত্তেফাক/এমআই