২৫ কোটি টাকা না দিলে এমপি শওকতের জামিন বাতিলের আদেশ স্থগিত

আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২০:৪৮
নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য মো. শওকত চৌধুরীকে ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ব্যাংকে জমা দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এক আবেদনের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ রবিবার এই আদেশ দেন। 
 
এমপি শওকত চৌধুরীর পক্ষে আইনজীবী নুরুল ইসলাম সুজন, এএম আমিনউদ্দিন ও শেখ ফজলে নূর তাপস এবং দুদকের পক্ষে খুরশীদ আলম খান শুনানি করেন। খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আপিল বিভাগ ২৫ কোটি টাকা পরিশোধের শর্ত স্থগিত করেছে। তবে ওই এমপির জামিন বহাল রয়েছে। এ সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলা হয়েছে।
 
ঋণ জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ৮ ও ১০ মে শওকত চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে বংশাল থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে। এ দুই মামলায় গত বছরের আগস্ট মাসে তাকে ৪ সপ্তাহের জামিন দেয় হাইকোর্ট। পরবর্তীকালে ঢাকার বিশেষ জজ আদালত থেকে তিনি ৬ মাসের জামিন পান। পরে ওই দু’টি মামলার আসামি দুই ব্যাংক কর্মকর্তার জামিন আবেদনের ওপর শুনানিকালে হাইকোর্ট শওকত চৌধুরীর জামিন কেন বাতিল করা হবে না এই মর্মে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। এ রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ৫০ দিনের মধ্যে ২৫ কোটি টাকা ব্যাংকে দাখিলের নির্দেশ দেয়। এ সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে জামিন বাতিল হবে বলে আদেশে উল্লেখ করা হয়। এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন এমপি শওকত চৌধুরী। 
 
ইত্তেফাক/এমআই