দেশের বাইরের পারফরম্যান্স নিয়ে হতাশ সাকিব

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১০:২৬
ঘরের মাটিতে দুর্দান্ত ফর্মে ছিল বাংলাদেশ। আর দক্ষিণ আফ্রিকা সফরকে তাই দেখা হচ্ছিল দেশের বাইরে নিজেদের সামর্থ্য প্রমাণের সিরিজ হিসেবে। কিন্তু সেই সিরিজে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছে বাংলাদেশ। সব ফরম্যাটেই হোয়াইটওয়াশ হয়েছে বড় ব্যবধানে হেরে। এমনকি সেভাবে কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বীতাও গড়তে পারেনি বাংলাদেশ।
 
বিদেশের মাটিতে এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। রবিবার সিরিজের শেষ ম্যাচে হারের পর সাকিব বলেন, ‘দেশের বাইরে অন্তত প্রতিদ্বন্দ্বিতা করতে আমরা পারিনি। আমার মনে হয়, এটা আমাদের হতাশার দিক। গত দুই তিন বছর দেশে এত ভালো করে আসছি যে আমরা আশা করেছিলাম যে অন্তত ভালো কিছু করব। অবশ্যই হারতে পারি। খেলার মধ্যে হার-জিত থাকবে। কিন্তু লড়াইয়ের যে স্পিরিট আমাদের মধ্যে থাকে, পুরো সফরেই তার অভাব ছিল। হারের কিংবা খারাপ করার প্রবণতা থেকে আমরা আর বেরই হতে পারিনি কিংবা ঘুরে দাঁড়াতেও পারিনি।’
 
দিক্ষিণ আফ্রিকার মাটিতে যে ধরনের বাউন্সি উইকেট থাকার কথা তেমনটিও ছিল না। তাই উইকেটকেও দোষ দিচ্ছেন না সাকিব। তিনি বলেন, ‘এটা ঠিক দক্ষিণ আফ্রিকার উইকেট ছিল না। খুবই ব্যাটিং সহায়ক উইকেট ছিল। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিগুলোতে। টিভিতে দেখে মনে হয়েছে, টেস্টেও ভালো উইকেট ছিল। অনেক জিনিসই আমাদের পক্ষে ছিল। কিন্তু তারপরও আমরা ভালো করতে পারিনি।’
 
ইত্তেফাক/কেআই