রুদ্ধশ্বাস লড়াইয়ে ওয়ান ডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ অধরাই থেকে গেল কিউয়িদের। রবিবার তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ জিতে নিল টিম ইন্ডিয়া।
জসপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারের ‘ডেথ ওভার’ বোলিংয়ে ম্যাচ ও সিরিজ ভারতের পকেটে।
শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান করতে হতো কিউয়িদের৷ কিন্তু মাত্র আট রানই করতে পারে গ্র্যান্ডহোম-সাউদি জুটি। শেষ ওভারে দারুণ বোলিং করেন বুমরাহ। বল হাতে ১০ ওভারে ৪৭ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি৷ দু’টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন যুবেন্দ্র চাহাল। ৩৩৮ রান তাড়া করতে নেমে ৫০ ওভারে সাত উইকেটে ৩৩১ রানে যায় নিউজিল্যান্ড ইনিংস।

বড় রান তাড়া করতে গিয়ে দুরন্ত ব্যাটিং করেন কলিম মুনরো (৭৫), কেন উইলিয়ামসন (৬৪), টিম লাথাম (৬৫)৷ তিন জনেই হাফ-সেঞ্চুরি করেন৷ এছাড়াও রস টেলর (৩৯) ও হেনরি নিকোলস ৩৭) ঝোড়ো রান করে ভারতের মাটিতে কিউয়িদের প্রথম ওয়ান ডে সিরিজ জয়ের আশা জাগালেও শেষরক্ষা হয়নি।
এর আগে গ্রিন পার্কের বাইশ গজে ব্যাটিং দাপট দেখান রোহিত শর্মা ও বিরাট কোহলি। ওয়ান ডে কেরিয়ারে ৩২তম সেঞ্চুরির পাশাপাশি ওয়ান ডে-তে ৯ হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট। ইনিংসের শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারালেও বিরাট ও হিটম্যানের জোড়া সেঞ্চুরিতে সহজেই তিন শ'র গণ্ডি টপকে যায় ভারত।
ওয়ান ডে কেরিয়ারের ১৫তম শতরান হাকান রোহিত৷ কিউয়ি সিরজের প্রথম দু’টি ওয়ান ডে’তে রান না-পেলেও এদিন ছন্দে ফেরেন টিম ইন্ডিয়ার ডানহাতি ওপেনার৷ যদিও অল্পের জন্য দেড় শ রান হাতছাড়া করেন মুম্বাইকর৷ স্যান্টনারের শিকার হয়ে ১৪৭ রানে প্যাভিলিয়নে ফেরেন রোহিত। কিউয়ি বোলারদের নিয়ে ছেলেখেলা করে ম্যাচের সেরা তিনি৷ যদিও সিরিজের সেরা নিউজিল্যান্ড ব্যাটসম্যান টম লাথাম।

এদিন ব্যক্তিগত ৮৩ রানে পৌঁছতেই ওয়ান ডে কেরিয়ারে ৯ হাজার রানের গন্ডি টপকে যান কোহলি। সিরিজের প্রথম ম্যাচে শতরান হাঁকিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের ৩০টি ওয়ান ডে-র সেঞ্চুরিকে টপকে গিয়েছিলেন ভারত অধিনায়ক। বিরাটের ১১৩ রানের ইনিংস সাজানো ৯টি চার ও একটি ছক্কায়।
রোহিতের সঙ্গে কোহলির ২৩০ রানের পার্টনারশিপ গড়ে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে ৬ উইকেটে হারিয়ে ৩৩৭ রান তোলে ভারত। শুরুতে ধাওয়ান ১৪ রানে প্যাভিলিয়নে ফিরলে প্রাথমিক ধাক্কা কাটিয়ে কোহলিকে নিয়ে ভারতীয় ইনিংসের হাল ধরেন রোহিত৷ কিউয়িদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু বুধবার দিল্লিতে।
ইত্তেফাক/ রেজা
