‘আমি চাই দর্শক আমার ছবি দেখে হাসিমুখে ঘরে ফিরবেন’

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১১:২০
 
‘চিত্রনায়িকা’ তকমাটি নুসরাত ফারিয়ার নামের আগে লেগেছে কয়েকবছর হয়ে গেল। সেই হিসেবে ছবি মুক্তির তালিকাটা খুব বেশি না হলেও একটা ভারসাম্য রয়েছে। তবে এখন পর্যন্ত সেই ভারসাম্যটা রাখছেন যৌথ প্রযোজনার ছবি দিয়ে। সে যাই হোক, নিজের অবস্থানটা নিয়ে সন্তুষ্ট তিনি। কারণ এখন পর্যন্ত ঘরানার বাইরে যাওয়ার কথা তিনি বলেননি।
 
বর্তমানে তিনি ‘ইন্সপেক্টর নটি.কে’ ছবিতে অভিনয় করছেন। এখানে তার বিপরীতে দেখা যাবে কলকাতার জিতকে। এখন পর্যন্ত ফারিয়াকে দর্শকরা যেমন চরিত্রে দেখে এসেছে এবার তা থেকে একটু ভিন্নতা দেখা যাবে। ফারিয়া বলেন, ‘এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছি। এর আগে দর্শকরা আমাকে এমন চরিত্রে দেখেননি। তাই বলতে পারি দর্শকরা এবার নতুন আমাকে দেখবেন।’
 
ফারিয়া এই ছবিটি ছাড়া বর্তমানে অন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ নেই। তার কারণ তিনি নতুন একটি সিদ্ধান্ত নিয়েছেন।
 
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘বছরে একটি ছবি করার সিদ্ধান্ত নিয়েছি। আর সেটি প্রস্তুতি নিয়ে। কারণ একটি ছবি শেষ করে সেই ছবি থেকে অন্য ছবি শুরু করার মাঝে একটা বিরতি প্রয়োজন মনে করি। তার অন্যতম কারণ প্রস্তুতি। ছবির পরিমাণ বাড়ার দিকে আমার কোনো নজর নেই। আমি চাই দর্শক আমার ছবি দেখে হাসিমুখে ঘরে ফিরবেন। পরিমাণ বাড়িয়ে লাভ কী!’
 
ইত্তেফাক/আনিসুর