হঠাৎ ন্যু ক্যাম্পে নেইমার!

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১২:৪৫
ঠিকানা বদলে গেছে; কিন্তু বদলায়নি সম্পর্ক ও ভালোবাসা। ব্যস্ততার মধ্যে অবসর পেতেই তাই সাবেক ক্লাব বার্সেলোনায় ছুটে এলেন ২৫ বয়সী ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। রবিবার হঠাৎ করেই কাতালান রাজধানীতে প্রিয় বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে চলে আসেন এই ব্রাজিলিয়ান তারকা।
 
চলতি মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। রোববার হালকা অনুশীলন করে বার্সা। এসময় কাতালান ক্লাবটির খেলোয়াড় অনুশীলনে এক পরিচিত মুখের দেখা পায়। তিনি আর কেউ নন; নেইমার।
 
শুক্রবার রাতে নিসের বিপক্ষে ফরাসি লিগের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলতে পারেনি নেইমার। এই সুযোগে বার্সেলোনা থেকে পুরনো সতীর্থদের সঙ্গে কিছুটা সময় কাটাতে স্পেনে ছুটে আসেন নেইমার।
 
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে অলিম্পিয়াকোসের মাঠে খেলবে বার্সেলোনা। অন্যদিকে পিএসজি খেলবে আন্ডারলেখটের বিপক্ষে। সেই ম্যাচ নিয়েই ব্যস্ত হয়ে পড়বেন লিওনেল মেসি এবং নেইমাররা।