স্বাধীনতার ঘোষণা নিয়ে উত্তাল থাকা কাতালোনিয়া অঞ্চলের দলগুলো সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। আগের দিন অ্যাথলেটিকো বিলবাওকে ঘরের মাঠে হারিয়ে আসে বার্সেলোনা। এবার লা লি লিগায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ হোঁচট খেল ওই অঞ্চলের দল জিরোনার কাছে। রবিবার রাতে নবাগত দলটির কাছে ২-১ গোলে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
১০ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া রিয়াল ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আটলেটিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার অর্জন ২৮ পয়েন্ট। ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।
খেলায় অবশ্য শুরুতে এগিয়ে যায় রিয়ালই। ১২ মিনিটে দলকে এগিয়ে নেন ইসকো। করিম বেনজেমার বাড়ানো বলে ক্রিস্টিয়ানো রোনালদোর শট গোলরক্ষক ঠেকাতে পারলেও গ্লাভসবন্দি করতে পারেননি। সেই সুযোগে সামনে থাকা ইসকো সুযোগটি কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন। এই এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে রিয়াল।
IMG0
তবে দ্বিতীয়ার্ধে দলটিকে হতাশ করে দুই গোল করে জয় তোলে নিয়েছে জিরোনা। ৫৪ মিনিটে প্রথম গোলটি করেন ক্রিস্টিয়ান স্তুয়ানি। ডান দিক থেকে রিয়ালের তিন জনকে কাটিয়ে স্প্যানিশ এই মিডফিল্ডার পেরে পন্সের ডি বক্সের দিকে বাড়ানো বল নাচো ফের্নান্দেসের পায়ে লাগে। এতে সেই বল পেয়ে যান ক্রিস্তিয়ান স্তুয়ানি। নাচোকে কাটিয়ে জোরালো শটে লক্ষভেদ করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।
চার মিনিটের ব্যবধানে জিরোনার পক্ষে জয়সূচক গোলটি করেন ক্রিস্টিয়ান পোর্তো। স্তুয়ানির শট গোলপোস্টের সামনে থেকে ডিফেন্ডাররা ফিরিয়ে দিতে সক্ষম হলেও বিপদমুক্ত করতে পারেননি। সেই সুযোগে ফিরতি বলে কোনাকুনি শটে ব্যাকহিলে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় লা লিগার নবাগত দলটির কাছে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রোনালদোদের।
ইত্তেফাক/কেআই
