নারীর জীবন সংগ্রাম নিয়ে নির্মিত ‘আনবর্ন লেটার’ চ্যাম্পিয়ন

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৮:১২
জন্মের পর থেকেই একজন নারীকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জীবনের সম্ভাব্য ঘাত প্রতিঘাত নিয়ে মায়ের গর্ভে থাকা কন্যাশিশুর চিঠি নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য আনবর্ন লেটার’ চ্যাম্পিয়ন হয়েছে।
 
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া’র অর্থায়নে ‘শান্তির স্বপক্ষে আমরা চলচ্চিত্র উৎসব’-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্রটি বিচারকদের রায় এবং জনসাধারণের অনলাইন ভোটে প্রথম স্থান অধিকার করে। 
 
১২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালনায় ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান সঙ্গীত। চলচ্চিত্রটির একটি চরিত্র রূপায়ণ করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তরুণ শিক্ষক আসাদুজ্জামান কাজল এবং ধারা বর্ণনায় ছিলেন সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের একান্ত পরিশ্রম নির্মিত এই ছবিটির সার্বিক সহযোগিতায় ছিল এমসিজে ফিল্ম ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ  এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
 
IMG0
 
এই প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত মেন্টর হিসেবে ভূমিকা পালন করা সাংবাদিকতা বিভাগের প্রভাষক আসাদুজ্জামান কাজল বলেন, এটা ছিল ক্যামেরার সামনে অভিনেতা হিসেবে প্রথম কাজ। আমরা এই চলচ্চিত্রের মাধ্যমে জন্ম নেয়ার পর থেকে সমাজের বিভিন্ন খাতে নারীদের প্রতি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে বিদ্বেষটা প্রচলিত সেটা তুলে ধরার চেষ্টা করেছি। সবক্ষেত্রে নারীদের প্রতি যে বিরূপ মনোভাবটা প্রচলিত সমাজকে সেটা থেকে বেরিয়ে আসার একটা বার্তা দেয়ার চেষ্টা করেছি।
 
তিনি যোগ করেন, ডিপার্টমেন্টের সব শিক্ষার্থী এক স্ব উদ্যোগে যে পরিশ্রম করে কাজটা করেছে সে জন্য তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া অনলাইন ভোটাভোটির সময় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারসহ বিশ্ববিদ্যালয় ভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপ আমাদের সহায়তা করেছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই।   
 
IMG1
 
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে আরও অংশগ্রহণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
 
 
ইত্তেফাক/সাব্বির