যশোর-২ আসনের সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির বলেছেন, কানাই শাহ বাঁকড়া জনপদের কথা দেশ বিদেশে ছড়িয়ে দিয়েছেন। তিনি নিজ মহিমায় সাধনা করে অসংখ্য গান কবিতা রচনা করেছেন। তিনি একাধারে একজন গীতিকার, সুরকার, লেখক, সাধক ও কবি ছিলেন। সাধনা করলে তার ফল বিফলে যায় না তার অনন্য দৃষ্টান্ত এই কানাই শাহ।
রবিবার বাঁকড়ায় কানাই শাহের তিরোধান দিবস উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম এ সব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সাংস্কৃতিমনা মানুষ। তিনি দেশীয় সাংস্কৃতি ধরে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। ১ বৈশাখ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতার ব্যবস্থা করেছেন। প্রত্যেক স্কুল কলেজে বাংলা নববর্ষসহ সকল অনুষ্ঠান পালনের নির্দেশ দিয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান। আরো বক্তব্য রাখেন, কবি, গীতিকার ও ঢাকা কেন্দ্রীয় অগ্নিবীণার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচএম সিরাজ, কবি, গীতিকার ও লিরিকের সম্পাদক কাসেদুজ্জামান সেলিম, যশোর ক্ষুদ্র ও কুঠির শিল্প সমিতির (নসিব) সভাপতি সাকির আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, সাবেক চেয়ারম্যান ইবাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শাহিন-উল-কবীর, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার হেলাল উদ্দীন খান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাস্টার আদম শফিউল্লাহ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
