বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
স্কুলছাত্রী রজিফা আক্তার সাথী আত্মহননের প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় রোববার রাতে উপজেলার জিয়ানগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল হাকিম জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ শাহপাড়ার মৃত রজিব উদ্দিন তালুকদারের ছেলে। গ্রেফতারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
গত ৮অক্টোবর জিয়ানগর উচ্চবিদ্যালয়ের ছাত্রী রজিফা আক্তার সাথী (১৫) উত্যক্তের শিকার হয়ে আত্মহনন করে। এই ঘটনায় সাথী বাবা রবিউল ইসলাম রব্বানী ওইদিন সন্ধ্যায় মামলা করেন। রাতেই পুলিশ আসামিদের ধরতে গেলে জিয়ানগর বজরাপুকুর বাজারে তাদের ওপর হামলা চালানো হয়। ওই ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ২৬জনকে আটক করে।
হামলার ঘটনায় এসআই আব্দুর রহিম বাদী হয়ে ২৬জনসহ অজ্ঞাতনামা দেড়শ' জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, চেয়ারম্যান আব্দুল হাকিমের বিরুদ্ধে স্কুলছাত্রী আত্মহত্যা প্ররোচনা মামলা, সরকারি কাজে বাধাসহ পুলিশের ওপর হামলা ও জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ খোড়াপাড়ার আফতাব হোসেনকে মারপিট করে ঘরে আটকে রাখার মামলা রয়েছে।
ইত্তেফাক/আরকেজি
