মৃত ব্যক্তিকে পলাতক দেখানোয় এসআইকে ট্রাইব্যুনালে তলব

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২১:০০
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত আসামি মৌলভি আব্দুল মজিদকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দাখিল করায় কক্সবাজারের মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল হককে তলব করেছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী ২৬ নভেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 
 
বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার এই আদেশ দেন। আদেশে কক্সবাজারের পুলিশ সুপার ও মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে ট্রাইব্যুনাল। 
 
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ১৫ মার্চ আব্দুল মজিদসহ ১৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। মজিদ ও শামসুদ্দৌহা মারা যাওয়ার পর বর্তমানে এ মামলার আসামি ১৭ জন। সোমবার মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। 
 
শুনানির পূর্বে প্রসিকিউটর রানা দাশগুপ্ত বলেন, মামলার আসামি আব্দুল মজিদ গত বছরের ২২ ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান। কিন্তু গত ১৭ ফেব্রুয়ারি তাকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দেন এসআই জহিরুল হক। তিনি বলেন, আসামি মারা যাওয়ার দুই মাস পরও বিষয়টি না জেনে পলাতক ও তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে প্রতিবেদন দেয়ায় ওই কর্মকর্তার গাফিলতিই প্রকাশ পেয়েছে। এ কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শুনানি শেষে ট্রাইব্যুনাল তলবের পাশাপাশি ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেয়। 
 
ইত্তেফাক/এমআই