বাগেরহাট জেলা রেজিস্ট্রার গ্রেফতার

আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২৩:০১
 
ময়মনসিংহের ভালুকা বনবিভাগের প্রায় ১০ একর সম্পত্তি ভুয়া দাতা সাজিয়ে তা ব্যক্তির নামে নিবন্ধিত  (রেজিস্ট্রি) করার মামলায় বাগেরহাট জেলা রেজিস্ট্রার ফজলার রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে সন্ধ্যায় বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
এরআগে রবিবার দুদকের ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান বাদী হয়ে ভালুকা থানায় জেলা রেজিস্ট্রার ফজলার রহমান, এনটিভি ও রোজা এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালুসহ ১৭জনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা করেন। 
 
খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন বলেন, ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়ে দায়ের করা মামলায় বাগেরহাট জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রেজিস্ট্রার ফজলার রহমানকে তার কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে সন্ধ্যায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
ভালুকা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ভালুকা বনবিভাগের সরকারি জমি নিবন্ধনের ঘটনায় পৃথক ছয়টি মামলা করেছে দুদক। 
 
ইত্তেফাক/আরকেজি