জঙ্গলে আচ্ছন্ন বেরোবির খেলার মাঠ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১১:১৮
 
জঙ্গলে আচ্ছন্ন হয়ে পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) খেলার মাঠগুলো। তিনটি স্থাপনার নির্মাণ-সামগ্রী ও খননকৃত মাটি স্তূপ করে রাখা এবং বিভিন্ন ধরণের আগাছার কারণে খেলার অনুপযোগী হয়ে পড়েছে মাঠগুলো। একটি মাঠ খেলার উপযোগী থাকলেও নানা কারণে সেখানেও খেলার তেমন সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা।
 
জানা যায়, বছর খানেক আগেও বিশ্ববিদ্যালয়ের ৫-৬টি মাঠে খেলত শিক্ষার্থীরা। একই সাথে চলত কয়েকটি করে টুর্নামেন্ট। কিন্তু কিছুদিন আগে তিনটি স্থাপনার খননকৃত মাটি জমিয়ে রাখায় খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠগুলো।
 
বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট পেরিয়েই কৃষ্ণচূড়া রোডের দুই পাশে দুটি মাঠে খেলা চলত। বর্তমানে রাস্তার ডানদিকের মাঠটি খেলার উপযোগী হলেও বাম দিকের মাঠটিতে আর খেলা হয়না। এছাড়া ৩ নম্বর গেইট দিয়ে প্রবেশ করেই বকুল-তলা রোডের ডানদিকে ছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় মাঠটি। মাঠের কিছু অংশ জুড়ে রিসার্স ইনস্টিটিউটের কাজ শুরু হলে পুরো মাঠটিতে খেলা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন থেকে খেলা না থাকায় আগাছায় পূর্ণ হয়েছে মাঠটি।
 
এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন দুইটি মাঠ ও ক্যাডেট কলেজের সীমানা জুড়ে অন্য মাঠটিও পরিচর্যার অভাবে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থানে 'এই খেলার মাঠটি শুধুমাত্র শিক্ষার্থীদের ব্যবহারের জন্য' সংবলিত বিলবোর্ড চোখে পড়ে। কিন্তু, দেখে বোঝার উপায় নেই যে এটি কোন খেলার মাঠ। দীর্ঘদিন আগাছা পরিষ্কারের অভাবে জঙ্গলে পরিণত হয়েছে বিলবোর্ড সম্বলিত এসব স্থান।
 
শিক্ষার্থীরা জানায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটি মাঠে খেলার জন্য উপযোগী থাকলেও খেলার তেমন সুযোগ পায়না তারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ মাঠেই। ফলে মাঠের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত দেখা যায়। বৃষ্টির দিনে যেগুলোতে পানি জমে মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া বিভিন্ন বিভাগের অন্তঃবিভাগ টুর্নামেন্টের কারণে ব্যস্ত থাকে মাঠটি। ছুটির দিনগুলোতে মাঠটি বহিরাগতের দখলে থাকায় সাধারণ কোন খেলায় অংশ নিতে পারে না শিক্ষার্থীরা।
 
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জামিউল রাব্বি বলেন, 'খেলাধুলা আমাদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার ক্ষেত্রে প্রধান অন্তরায় খেলার মাঠ সংকট। তাছাড়া যে খেলার মাঠটি আছে সেটিও মানসম্মত নয়। আর এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন উদ্যোগ কখনো আমাদের চোখে পড়ে নি।'
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ইরিনা নাহার বলেন, 'বর্তমানে একটি মাঠে খেলা চলছে। আর একটি মাঠ প্রস্তুত করার ব্যাপারে কাজ চলছে। তবে কোন জায়গায় মাঠটি হবে সে ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে ছেলেদের হলের সামনে হতে পারে, যেটি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর খেলার মাঠ হিসেবে পরিচিত হবে।'
 
ইত্তেফাক/জামান