আইএসের হুমকিতে এবার নেইমার-রোনালদো

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৩:০২
আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হুমকির মুখে পড়েছেন এবার ফুটবল বিশ্বের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। এই দুজনের ছবি ব্যবহার করে পোস্টার বানিয়েছে আইএস। ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমও আছেন হুমকি পাওয়ার তালিকায়। জঙ্গি সংগঠনগুলোর ওয়েবসাইট নজরদারি করা গ্রুপ সাইট ইন্টেলিজেন্স প্রকাশিত কিছু ছবিতে এ হুমকির বিষয়টি ওঠে এসেছে।
IMG0
রাশিয়া বিশ্বকাপ নিয়ে আইএস কয়েক দিন আগেই মেসির রক্তাক্ত ছবি ব্যবহার করে হুমকি দিয়েছিল। এবার একটি পোস্টারে মেসির সঙ্গে দেখানো হয় নেইমারকেও। সেখানে লেখা ছিল, ‘তোমরা নিরাপত্তা পাবে না, যত দিন আমরা মুসলিম দেশগুলোতে তা উপভোগ করতে পারব।’ রোনালদোকেও বাদ দেয়নি আইএস। তার ছবিতে লেখা, ‘আমাদের কথা দেখেছ, কিন্তু শুননি। তুমি অপেক্ষা কর, আমরাও তোমার জন্য অপেক্ষা করছি।’
IMG1
দেশমের পোস্টারে দেখানো হয়েছে বন্দী দেশমকে অস্ত্রের মুখে আটকে রাখা হয়েছে। সেখানে লেখা আছে, ‘দিদিয়ের দেশম আল্লাহর শত্রু।’ পোস্টারে আরও বড় করে লেখা, ‘আমরা তোমাদের জন্য আতঙ্ক সৃষ্টি করেই যাব, তোমাদের জীবন তছনছ করে দেব।’
IMG2
গত বছর ইরাকে রিয়াল মাদ্রিদ সমর্থকদের একটি ক্লাবে হামলা চালিয়েছিল আইএস। দুই হামলায় ২৮ ফুটবল সমর্থককে হত্যা করেছিল তারা। কিছুদিন আগে বরুসিয়া ডর্টমুন্ডের বাসেও বোমা হামলা হয়েছে। এখন আতঙ্ক ছড়ানো হচ্ছে বিশ্বকাপ নিয়ে।
 
ইত্তেফাক/কেআই