জবিতে এ.এফ. সালাহ্উদ্দীন আহ্মদের ওপর স্মরণসভা

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:৪৯
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের উদ্যোগে জাতীয় অধ্যাপক এ. এফ. সালাহ্উদ্দীন আহ্মদের ওপর এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়।
 
সালাহ্উদ্দীন আহ্মদকে বস্তুনিষ্ঠ ইতিহাস রচনায় অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, 'বিভিন্ন সমস্যা সমাধানে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার সময় ইতিহাস গবেষণা করে দেখা হয়। ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন তাদের জন্য সালাহ্উদ্দীন স্যার এক অনন্য উদাহরণ। তিনি ইতিহাসকে একটি ম্যাথডোলজি প্রক্রিয়ায় এনে চর্চা করার সিদ্ধান্ত দিতেন।'
 
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. খোদেজা খাতুন-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আব্দুস সামাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল এবং মিল্টন কুমার দেব। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, দফতরের পরিচালক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান