আগামীকাল ১ নভেম্বর, জাতীয় যুব দিবস। এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হলো ‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন।’ জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষে আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার জাতীয় যুব দিবসের কর্মসূচি তুলে ধরেন।
আগামীকাল বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রশিক্ষিত সকল যুবক ও যুবমহিলাদের মধ্য হতে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২২ জন সফল আত্মকর্মী যুব ও ৫ জন সফল যুব সংগঠক মোট ২৭ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়া ঢাকা হোটেল ওয়েষ্টিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কমনওয়েলথ ও সেন্টার ফর রিচার্স এন্ড ইনফরমেশন এর সমন্বিত উদ্যোগে দেশি ও বিদেশি যুব প্রতিনিধি, যুববিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং স্টেক হোল্ডারদের অংশগ্রহণে যুব সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে যুবদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আজ ঢাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এক যুব র্যালি অনুষ্ঠিত হয়। এতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে র্যালীতে উপস্থিত ছিলেন।
এছাড়াও আত্মকর্মী যুব ও সংগঠকসহ বিভিন্ন ক্রীড়াবিদ ও ক্রীড়াসংগঠক, স্বেচ্ছাসেবী সংগঠক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এতে অংশগ্রহণ করেন। বিভিন্ন শ্লোগান, ব্যানার ও ফেষ্টুন সহকারে র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে শেষ হয়। বাসস
ইত্তেফাক/কেকে
