গাজীপুরে হত্যা মামলায় ২যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৯:১০
 
গাজীপুরে উজ্জল চন্দ্র মনিদাস (২৪) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি হত্যা মামলার রায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক মঙ্গলবার সকালে এ রায় ঘোষণা করেন। 
 
একই সঙ্গে রায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অন্য একটি ধারায় ওই দুই আসামিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ডের রায় দেয়া হয়েছে। 
 
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও মধ্যপাড়া এলাকার মো. মোস্তফার ছেলে মো. শাকিল (২০) এবং ঋষিপাড়া এলাকার স্বপন চন্দ্র মনিদাসের ছেলে সঞ্জীবন চন্দ্র মনিদাস (২৩)।
 
গাজীপুর আদালতের পিপি মো. হারিছউদ্দীন আহমেদ জানান, উজ্জল চন্দ্র মনিদাসের ভাতিজির সাথে আসামি সঞ্জীবন চন্দ্র মনিদাসের প্রেম ছিল। এর জেরে ২০১৬ সালের ১৭ নভেম্বর রাতে উজ্জলকে স্থানীয় শ্মশানঘাটে ডেকে নিয়ে শাকিল ও সঞ্জীবন তাকে গলাকেটে হত্যা করেন। পরে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন। এর দুইদিন পর ১৯ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 
 
এ ব্যাপারে নিহতের ভাই উত্তম চন্দ্র মনিদাস বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
 
ইত্তেফাক/আরকেজি