শেখ হাসিনা টেকনোলজি পার্কের ব্যবস্থাপনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৯:৩৯
 
শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও টেকসিটি বাংলাদেশ-লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
 
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সভাকক্ষে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় আগামী ১৫ বছর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের যাবতীয় রক্ষণাবেক্ষণ ও মেইনটেন্যান্স এর কাজ করবে টেকসিটি বাংলাদেশ-লিমিটেড। 
 
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক যশোরে বাস্তবায়িত শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কেও প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানি (পিএমসি) হিসেবে টেকসিটি বাংলাদেশ-লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে। 
 
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এবং টেকসিটি বাংলাদেশ-লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরিফ চুক্তিতে স্বাক্ষর করেন। 
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তারা ও বিভিন্ন প্রকল্পের পরিচালকরা এবং টেকসিটি বাংলাদেশ-লিমিটেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস
 
ইত্তেফাক/কেকে