সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি প্রতিমাসে প্রায় ৭৮ জনকে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান করছে। গত দুই বছরে প্রতিষ্ঠানটি ৭ শত ৩৭ জনের পক্ষে মামলা পরিচালনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে। একইসঙ্গে এ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টে ৪শত ১৪টি মামলার নিষ্পত্তি হয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য উঠে আসে। কমিটির চেয়ারম্যান হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে ওই বৈঠকে গত ২৭ মাসের কাজের পর্যালোচনা হয়। সভায় হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরুল ইসলাম, মানুষের জন্য ফাউন্ডেশনের রুমা সুলতানা, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা, অ্যাডভোকেট শেখ তাহসিন আলী, মোস্তফা কামাল (ইউএসএআইডি), জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক আবিদা সুলতানা, ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার ও কমিটির সদস্য সচিব সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা অংশ নেন।
সভায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ের কার্যক্রম ও আইনজীবী পুন:নিয়োগ নিয়েও আলোচনা হয়।
ইত্তেফাক/এমআই
