বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার, গ্রেফতার ১

আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২২:২৭

বগুড়ার গাবতলী উপজেলায় ১২বছর বয়সী ৫ম শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার রাতে বাড়ির পাশে একটি বাঁশ ঝাড়ে দুবৃর্ত্তরা তাকে ফেলে রেখে যায়। পথচারীরা চিৎকার শুনে শিশু কন্যাকে উদ্ধার করে পুলিশে সংবাদ দেয়। গাবতলী থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

ধর্ষণের ঘটনায় মামলা দায়ের হলে থানা পুলিশ অভিযান চালিয়ে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আমতলী পোড়াপাড়া গ্রামের খালেক প্রামানিকের ছেলে ফারুক হোসেনকে (১৮) আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাবতলীর সোনারায় ইউনিয়নের তেলিহাটা কামারপাড়া (হিন্দুপাড়া) গ্রামে জগোধাত্রী পূজা উপলক্ষে গত ২৮শে অক্টোবর থেকে ৪দিনব্যাপী মেলার আয়োজন করে স্থানীয়রা। ২৯ অক্টোবর রাত ৯টায় গাবতলী উপজেলার মাসুন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ওই শিশুটি মেলা দেখতে যাচ্ছিল। এ সময় মেলার পাশে বাগান এলাকায় একদল দূর্বৃত্ত ওই শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি জ্ঞান হারালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ওই শিশুটিকে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার বিকেলে গাবতলী থানায় একটি মামলা দায়ের করেন।

গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানান, ধর্ষকদের গ্রেফতারে অভিযান চলছে। মামলা দায়ের হয়েছে। শিশুটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে। মেডিকেল পরীক্ষার জন্য বুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে।

ইত্তেফাক/নূহু