হাটহাজারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ০৯:৩১
 
চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টায় হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের চারা বটতলা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
 
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক আনিস আল মাহমুদ জানান, মহাসড়কের পাশের একটি ছোট আমগাছের ডালের সাথে গলায় শার্ট পেঁচিয়ে যুবকের লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল।তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবো।
 
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ঘটনার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/জামান