নেইমার-কুরজাওয়ায় শেষ ষোলোতে পিএসজি

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১০:৪৫
আন্ডারল্যাক্টের বিপক্ষে দুর্দান্ত জয়ে প্রথম দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পা রাখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে আন্ডারলেক্টকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারান তারা।
 
ম্যাচে নেইমার গোল পেয়েছেন একটি। সহায়তা করেছেন অন্য তিন গোলেও। তবে সবকিছু ছাপিয়ে হ্যাটট্রিকম্যান হিসেবে সামনে চলে আসলেন ল্যাভিন কুরজাওয়া। নামটা অপরিচিতই মনে হতে পারে। কারণ তিনি আক্রমণভাগের কেউ নন, লেফট ব্যাক হিসেবে খেলা এই ফরাসি ফুটবলারই এদিন নিজেকে নিয়ে আসলেন মূল চরিত্র হিসেবে। এমনকি করেছেন বিরল এক রেকর্ডও। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ডিফেন্ডার হিসেবে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তিনি।
 
ম্যাচে গোল পেয়েছেন নেইমারও। যদিও ৩০ মিনিট অপেক্ষার পর পিএসজিকে শুরুতে এগিয়ে দেন ভেরাত্তি। নেইমারের কাটব্যাক থেকে এমবাপের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের কোনাকুনি শটে জালে পাঠান এই ইতালিয়ান মিডফিল্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ান নেইমার। কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে আড়াআড়ি এগিয়ে জোরালো শটে জালে পাঠান ব্রাজিলের এই ফরোয়ার্ড।
IMG0
বিরতির পর একাই তিন গোল করেন কুরজাওয়া। ৫২ মিনিটে নেইমারের ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে পাঠান ফরাসি ডিফেন্ডার কুরজাওয়া। ৭২ মিনিটে কুরজাওয়া পান নিজের দ্বিতীয় গোল। ডান দিকে দানি আলভেসকে উঁচু করে বল বাড়িয়েছিলেন নেইমার। সেই বলে আলভেসের ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে ডাইভিং হেডে জালে পাঠান কুরজাওয়া। এর ৬ মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বদলি হিসেবে নামা অ্যাঙ্গেল ডি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সে বাঁ-দিক থেকে ঠাণ্ডা মাথায় নিচু শটে জালে পাঠান এই ডিফেন্ডার।
 
‘বি’ গ্রুপের অপর ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে সেল্টিককে। তাই এই গ্রুপ থেকে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সবার আগে নক আউট পর্ব নিশ্চিত পিএসজি। আর ৯ পয়েন্ট বায়ার্নও রয়েছে শেষ ষোলোর দ্বারপ্রান্তে।
 
ইত্তেফাক/কেআই