কলেজছাত্র হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৪:১২
 
গাজীপুরে আলমগীর হোসেন নামে এক কলেজছাত্র হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
 
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন, গাজীপুর কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামে চান মিয়ার ছেলে সোহেল (৩৪), একই গ্রামের কফিল শেখের ছেলে জাকির (৩৬) এবং মিন্নত আলী দেওয়ান ওরফে মিনার ছেলে আলামিন (৩৭)।
 
নিহত আলমগীর হোসেন নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল চরপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি কালীগঞ্জের তুমুলিয়া গ্রামে নানা বাড়িতে বসবাস করে কালীগঞ্জ শ্রমিক কলেজে স্নাতক শ্রেণিতে লেখাপড়া করতেন।
 
গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, আলমগীর হোসেন নানা বাড়ি কালীগঞ্জের তুমুলিয়া এলাকার পাশের বাড়ির সিরাজুলের ছেলে রিয়াদকে প্রাইভেট পড়াতো। বিষয়টি স্থানীয় কতিপয় বখাটে যুবক সহ্য করতে পারত না। ওই যুবকরা  ইতোপূর্বে কয়েকবার আলমগীরকে হুমকিও দিয়েছিল। ২০০২ সালের ৭ অক্টোবর রাতে আসামিরা ওই বাড়িতে গিয়ে আলমগীরের উপর চড়াও হয়। এক পর্যায়ে আসামিরা ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে চলে যায়। এতে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নিহতের পিতা মো. আব্দুল বারেক বাদী হয়ে ওই তিনজনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/জামান