শ্রীলঙ্কাকে সফলভাবে একটি টি-টোয়েন্টি খেলানোর পর সেদেশে ক্রিকেট ফেরাতে আশাবাদী হয়ে ওঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংস্থাটির চেয়ারম্যান নজম শেঠি খুব দ্রুতই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হোম সিরিজ আয়োজনের কথা জানিয়েছেন। যদিও গত জুলাই-আগস্টে বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত আসেনি পাকিস্তান দল।
নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে পাকিস্তান। সেই সিরিজে গত ২৯ অক্টোবর একটি টি-টোয়েন্টি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। যদিও এই ম্যাচকে কেন্দ্র করে লঙ্কান ক্রিকেটে লঙ্কাকাণ্ডই ঘটেছে। তথাপি এসএলসি অনড় থাকায় বিকল্প দল নিয়েই পাকিস্তানে এই ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এর আগে বিশ্ব একাদশকে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলাও হয়েছে একই মাঠে।
পিসিবি চেয়ারম্যান নজম শেঠি এবার নতুন পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘আমরা বাংলাদেশ, একই সঙ্গে দক্ষিণ আফ্রিকাকে আগামী বছর পাকিস্তানে খেলানোর ব্যাপারে চেষ্টা করছি। আশা করছি আগামী ১২ মাসেই তারা সফর করবে।’
উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হানার পর থেকেই ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারেনি পাকিস্তান। কারণ বড় দেশগুলো নিরাপত্তাহীনতায় সেখানে খেলতে আর রাজি হয়নি। জিম্বাবুয়ে, বিশ্ব একাদশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে এবার অন্য দলগুলোকেও পাকিস্তান সফর করানোর ব্যাপারে এবার আশাবাদী হয়ে ওঠছে পিসিবি।
ইত্তেফাক/কেআই
