শাবিতে বৃহস্পতিবার থেকে নাট্যোৎসব শুরু

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৪:২৩
 
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে 'দিক আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসব-২০১৭' শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্যসংগঠন দিক থিয়েটারের উদ্যোগে প্রথমবারের মত আয়োজিত এই নাট্যোৎসব ২ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আঞ্চলিক ৭টি নাট্যদল অংশগ্রহণ করবেন।
 
সংগঠনের সভাপতি এহসান শুভ জানান, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শাবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মিশকাত আহমেদ চৌধুরী মিশু প্রমুখ।
 
উৎসবে বাংলাদেশ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এবং সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর দিক-নির্দেশনায় মঞ্চস্থ হবে 'তাশের দেশ', 'লেটার টু এ চাইল্ড নেভার বর্ন', 'ঢপ যাত্রা', 'নাচমহল', 'হাত হদাই', 'চে'র সাইকেল' ও 'মানুষ ব্যাপ্ত মানুষ'।
 
এছাড়া সমাপনী অনুষ্ঠানে সিলেটের নাট্যাঙ্গনে বিভিন্ন অবদানের জন্য ৫ জন নাট্যব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হবে।
 
ইত্তেফাক/জামান