জিয়া অরফানেজ দুর্নীতি : আত্মপক্ষ সমর্থনে বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা

আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৮:৫২
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য তুলে ধরতে বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ তথ্য জানিয়েছেন অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার। 
 
তিনি জানান, বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে দেওয়া বক্তব্যের দিন ধার্য রয়েছে। গত ২৬ অক্টোবর পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৫নং বিশেষ জজ আখতারুজ্জামানের আদালত হাজিরার এ দিন ধার্য করেন। সকাল দশটায় তিনি আদালতে হাজির হবেন। এর আগে খালেদা জিয়া দুই দফা আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য তুলে ধরেন।
 
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-আর রশিদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়। এ মামলার অন্য আসামিরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল (ইকোনো কামাল), ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
 
ইত্তেফাক/এমআই