সংঘাতের পথ ছেড়ে সমঝোতার পথ বের করে সংলাপের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য করতে সংঘাত-সহিংসতা ছেড়ে সমঝোতায় পথ খুঁজে বের করে সংলাপের ব্যবস্থা করুন। বিএনপি সংঘাতে জড়াতে চায় না। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সরকার সমঝোতার পথে আসবে। আমরা সমঝোতার পথ খোলা রাখতে চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ প্রয়োজন।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা শরণার্থীদের দেখতে যাওয়া ও আসার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা সুপরিকল্পিত ঘটনা। তবে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছেন। তারপরও আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিত ও প্রশ্রয়ে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়।
বিএনপির মহাসচিব বলেন, আমরা মনে করি খালেদা জিয়ার গাড়িবহরে হামলা গণতন্ত্রের উপর এবং মানবতার বিরুদ্ধে হামলা। এই হামলা বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে যে সংগ্রাম তার বিরুদ্ধে হামলা।
ইত্তেফাক/এমআই
