পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবিধানিক দায়িত্ব পালনে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান।
মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) মিলনায়তনে ২ সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
কোর্সটি ৮ম বছর পদার্পণ করেছে এবং নীতিনির্ধারণী সকল পর্যায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে বলে বৃহস্পতিবার আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে পরিকল্পনা মন্ত্রী কোর্স অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে, তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে এসে পৌঁছাল তাকে স্বাগত জানান কলেজের কমান্ড্যান্ট লেফট্যান্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
এনডিসি কমান্ড্যান্ট তার বক্তব্যের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধ আত্মদানকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি জ্ঞান ও পারষ্পারিক সৌহার্দের মাধ্যমে একটি সমন্বিত ও সহযোগিতামূলক কাঠামো গঠনের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
কোর্সে ৬ জন সংসদ সদস্য, ২ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, ৪ জন অতিরিক্ত সচিব পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, ২ জন প্রখ্যাত শিক্ষাবিদ, নীতি নির্ধাণী পর্যায়ের ১জন চিকিৎসক, ১ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ১জন ব্যাংক এবং আর্থিক খাত সমূহের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, ৯জন বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পপতি ও প্রধান নির্বাহী, ১জন গণমাধ্যম ব্যক্তিত্ব, ১ জন আইনজীবী এবং ২জন অনারারী কনসাল জেনারেলসহ মোট ৩০ জন ফেলো অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান অন্যদের মধ্যে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের অনুষদ সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বাসস
ইত্তেফাক/ইউবি
